আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৫, ২০২৬, ০৪:৫২ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা বুধবার (১৫ জুলাই) বিকেলে সচিবালয়ের সামনে গিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের আটকে দেওয়া হলে তারা সচিবালয়ের সামনেই অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। সচিবালয়ের সামনে পৌঁছে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
অন্যদিকে একই দাবিতে রাজধানীর উত্তরাতেও আবার সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলাতেও একই দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে তারা সড়ক ছেড়ে যান। সেই কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার আবারও তারা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। সায়েন্স ল্যাবরেটরি এলাকাতেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
এদিকে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।
পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে দেওয়া শিক্ষার্থীদের নিয়ে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
গত কয়েক দিনের টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। এ পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হলেও অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা কিছুদিন পেছানোর দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা।
বিশেষ করে গত সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির ফলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে অনেক পরীক্ষার্থীকে চরম ভোগান্তির শিকার হতে হয়। ওই ঘটনার পর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা।
এএন