আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৩, ২০২৬, ০৫:২৯ পিএম
তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন।
এদিকে ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশির নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবসময়ই এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সহাবস্থান বজায় রাখার পক্ষে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তাদের জনগণের উদ্বেগ ও দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং চলমান সমস্যাগুলোর দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।
এএন