ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াত-এনসিপি নির্বাচনী সমঝোতা, বাড়ছে অভ্যন্তরীণ টানাপোড়েন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:১১ পিএম

জামায়াত-এনসিপি নির্বাচনী সমঝোতা, বাড়ছে অভ্যন্তরীণ টানাপোড়েন

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার পথে অনেকটাই এগিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে এই সমঝোতাকে কেন্দ্র করে এনসিপির অভ্যন্তরে যেমন অসন্তোষ দেখা দিয়েছে, তেমনি জামায়াতের দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্যেও তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।

দলীয় সূত্রমতে, গত বুধ ও বৃহস্পতিবার জামায়াত ও এনসিপি নেতাদের মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এনসিপি নেতা নাহিদ ইসলাম ও আখতার হোসেন অংশ নেন। 

জামায়াত দুই শতাধিক আসনে নির্বাচনের লক্ষ্য নিয়ে এনসিপি ও এবি পার্টিকে ৩০টি আসন ছাড়তে চায়। তবে এনসিপির সঙ্গে জোটবদ্ধ এবি পার্টি একা ১৫টি আসন দাবি করায় সেখানেও দর কষাকষি চলছে।

এদিকে জামায়াতের সঙ্গে এই সখ্যের বিরোধিতা করছেন এনসিপির একটি অংশ। বিশেষ করে সম্প্রতি অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার সমর্থকরা বিএনপির সঙ্গে জোট করার পক্ষে। এই দ্বন্দ্বে ইতোমধ্যে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। 

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও মাহফুজ আলম এখনো নীরব রয়েছেন।

সমঝোতার এই প্রভাব পড়েছে জামায়াতের আট দলীয় জোটেও। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস প্রত্যাশিত আসন না পেয়ে ক্ষুব্ধ। ইসলামী আন্দোলন অন্তত ১০০ আসন দাবি করলেও জামায়াত ৩০-৩৫টির বেশি ছাড়তে রাজি নয়। 

অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস ৩৫টি আসন চাইলেও জামায়াত তাদের ১০-১২টি আসনে সীমাবদ্ধ রাখতে চায়। এই টানাপোড়েনের জেরে আগামী রোববারের জোটগত বৈঠকে যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়েছে ক্ষুব্ধ দলগুলো।

তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আসন বণ্টনের আলোচনা চলমান রয়েছে এবং দু-একদিনের মধ্যে সব জটিলতা নিরসন হবে। 

এনসিপি জোটে আসায় জামায়াত নিজেদের নিশ্চিত জয়ের কিছু আসনও ছাড় দিচ্ছে বলে দাবি করছে দলটির শীর্ষ নেতৃত্ব। শেষ পর্যন্ত এই অসম বিন্যাস আট দলীয় জোটের ঐক্যে কোনো ফাটল ধরায় কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা বিশ্লেষণ।

ইএইচ

Link copied!