আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:৩০ পিএম
বর্তমানে কক্সবাজারে চলছে লবণ উৎপাদনের ভরা মৌসুম। মাঠে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে মাঠে লবণ উৎপাদনের এমন দৃশ্য দেখে হঠাৎ গাড়ি থামিয়ে শ্রমিকদের কাছে নেমে পড়লেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। কুশল বিনিময়ের পাশাপাশি তিনি শ্রমিকদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন এবং তাঁদের সঙ্গে সেলফি তোলেন।
শুক্রবার সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এ দৃশ্য দেখা যায়।
লবণের ন্যায্য মূল্যের প্রতিশ্রুতি শ্রমিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির আমলে আমরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবারো চাষিদের স্বার্থ রক্ষা করা হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বলে আপাতত লবণ আমদানি বন্ধ রাখা হয়েছে যাতে দেশি চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি আরও বলেন, বিএনপি ছাড়া কেউ জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করে না। চাষি ও দেশের স্বার্থে ধানের শীষ প্রতীকে সবাইকে রায় দেওয়ার আহ্বান জানাই।
নির্বাচনী সমীকরণ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সালাহউদ্দিন আহমদ ছাড়াও আরও দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলনের ছরওয়ার আলম কুতুবী।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন এবং নারী ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। চকরীয়ায় ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৯০ এবং পেকুয়ায় ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এই আসনে মোট ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেএইচআর