আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৪, ২০২৬, ১২:৪৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের নিরাপত্তা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতার চেষ্টা, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
প্রধানমন্ত্রী ওই দিন সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে বিভিন্ন স্থানে তাঁকে স্বাগত জানাতে সাধারণ মানুষের ব্যাপক ভিড় দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী বাসের ভেতরে দাঁড়িয়ে সড়কের পাশে অপেক্ষমাণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন। ঠিক এই সময়ে বহরের পেছনের দিকে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।
প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে উপস্থিত বিপুলসংখ্যক মানুষের অভিবাদনের জবাব দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই বহরের একটি গাড়ির দিকে ইটের টুকরাটি আসে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি মহাসড়কে কোনো চলন্ত গাড়ির চাকা থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি।
জেএইচআর