আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৪, ২০২৬, ১২:৪৫ পিএম
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরার চেয়ে তুলনামূলক কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান ডিএমপি সদর দফতরে এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, ডিএমপি আশা করছে, এসব ক্যামেরার মাধ্যমে কম খরচে রাজধানীর আরও বেশি এলাকায় নজরদারির আওতা বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে।
ভবিষ্যতে যানজট নিরসনে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে এই শীর্ষ কর্মকর্তা বলেন, বর্তমানে এআই প্রযুক্তির যে ক্যামেরাগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো কার্যকর হলেও বেশ ব্যয়বহুল। কিন্তু ট্রাফিক আইন বাস্তবায়নের জন্য খুব দ্রুত নজরদারির আওতা বাড়ানো প্রয়োজন। সে কারণেই কম দামি কিন্তু কার্যকর ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা আনার সিদ্ধান্ত হয়েছে।
গত দুই মাস ধরে চলা এআই ক্যামেরার কার্যক্রমে নগরবাসীর স্বতঃস্ফূর্ত সাড়ার প্রশংসা করে তিনি বলেন, মানুষ এখন জোর খাটানো ছাড়াই আইন ও সিগন্যাল মেনে চলছেন।
জেএইচআর