স্পোর্টস ডেস্ক
জুলাই ১৫, ২০২৬, ১২:১৭ পিএম
ফিফা বিশ্বকাপের ফাইনাল এবার শুধু ফুটবলেই সীমাবদ্ধ থাকছে না, দর্শকদের জন্য থাকছে তারকাখচিত এক বিশেষ সাংস্কৃতিক আয়োজনও। সুপার বোলের আদলে আয়োজিত হতে যাওয়া হাফটাইম শোতে বিশ্বসংগীতের একাধিক তারকা পারফর্ম করবেন। এ কারণে ম্যাচের বিরতি স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা দীর্ঘ হতে পারে বলে জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে বিরতির সময় প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সংগীতানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ম্যাডোনা, শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং সম্প্রতি যুক্ত হওয়া কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের।
ফিফা-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হাফটাইম বিরতি প্রায় ২০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে বিকল্প পরিকল্পনা হিসেবে স্বাভাবিক ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
তবে এ বিষয়ে একটি নিয়মগত বিষয়ও রয়েছে। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর বিধি অনুযায়ী, হাফটাইম বিরতির নির্ধারিত সময় ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়।
এর আগে গত বছর নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও বিশেষ সংগীতানুষ্ঠানের কারণে বিরতির সময় বেড়ে দাঁড়িয়েছিল ২৪ মিনিট। সেই অনুষ্ঠানে পরিবেশন করেছিলেন কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস এবং ইমানুয়েল কেলি।
এবারের হাফটাইম শো আরও বর্ণাঢ্য করতে যুক্ত হচ্ছেন নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। পুরো অনুষ্ঠানটির কিউরেশনের দায়িত্ব পালন করছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত ১টায়। এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে বিশ্বকাপের জমকালো সমাপনী অনুষ্ঠান।
সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ, ইতালীয় গায়িকা লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও পারফর্মার আইশোস্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।
এদিকে মাঠের লড়াইয়ে ইতোমধ্যে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। দুই দল বুধবার দিবাগত রাতে আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।
বাংলাদেশের দর্শকরা ফাইনালসহ বিশ্বকাপের সব ম্যাচ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস এবং সময় টিভিতে সরাসরি দেখতে পারবেন।
এএন