বিনোদন প্রতিবেদক
জুলাই ২৫, ২০২২, ০১:৩৭ এএম
কিছু কিছু কাজ নির্মাতারা নির্মাণ করে থাকেন সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে। আবার এমন কিছু কাজ নির্মাতারা নির্মাণও করেন— যা প্রচারের অভাবে অনেকের জানাই হয়ে ওঠে না যে, এই কাজটি কিংবা ওই কাজটি সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখতে পারে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’ ঠিক তেমনি একটি চলচ্চিত্র। নবসভ্যতা সময়ের বিবর্তনে এগিয়ে গেলেও নারীদের ফাঁদে ফেলে যৌন পেশায় নিয়োজিত করার অপরাধের কোনো পরিবর্তন ঘটেনি।
নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুবসমাজের অবক্ষয়ের বিষয় উপজীব্য করেই মূলত নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
এতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও আলভি মামুন। কাজী নওশাবা আহমেদ সব সময়ই এ ধরনের ভিন্নধর্মী চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে ভীষণ ভালোবাসেন।
ব্যতিক্রমধর্মী গল্পের অনন্য একজন অভিনেত্রী তিনি। আবার বেশ কয়েক বছর ধরেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন আলভি মামুন।
এই চলচ্চিত্রে তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তা এবারই প্রথম। নওশাবা অভিনয় করেছেন মেহুল চরিত্রে, আলভি অভিনয় করেছেন মুকুল চরিত্রে।
এর কাহিনি, চিত্রনাট্য রচনা করেছেন নোমান হোসেন ও অনিক কান্তি সরকার। নির্মাণ করেছেন অনিক কান্তি সরকার। গত ১ জুলাই এটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। ইউটিউবে প্রকাশের পর যারাই কাজটি উপভোগ করেছেন, তারা এর বেশ প্রশংসা করেছেন। এ ধরনের কাজ দর্শকের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া উচিত সমাজের প্রয়োজনেই।
নওশাবা বলেন, ‘এই চলচ্চিত্রে যারা কাজ করেছেন, তারা সবাই মূলত থিয়েটার ব্যাকগ্রাউন্ডের। আর এই কাজটি যেহেতু একটি আন্দোলনের মতো এবং আমি এ ধরনের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, আগ্রহবোধ করি, তাই যখন এতে কাজ করার প্রস্তাব আসে, আমি সানন্দে কাজটি করতে সম্মতি জানাই।
গ্রামের সহজ-সরল একটি মেয়ের জীবনে কীভাবে আসলে পরিবর্তন আসে বা বিভীষিকাময় এক জীবনের মুখোমুখি হতে হয়, তাকে এই গল্পে দেখানো হয়েছে। কাজটি বেশ যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে। আমার মনে হয় এই কাজটি সবারই দেখা উচিত।’
আলভি মামুন বলেন, ‘পাপবাজারে আমার চরিত্রটি আমার যারা ভক্ত-দর্শক, পরিবার সবাই খুব পছন্দ করেছেন। সবাই একটা কথাই বলছেন যে, কেন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো না।
কিন্তু আম সন্তুষ্ট যে, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার যতটুকু উপস্থিতি, তাতে নিজেকে শতভাগ উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শকের কাছে ভালো লাগছে— এটাই আমার প্রাপ্তি।
আগামীতে আরও ভালো গল্পে কাজ করতে চাই।’ গত ঈদে নওশাবা আরিফ আহমেদের ‘ঘ্রাণ’ নাটকেও অভিনয় করেছেন। এদিকে আগামী সেপ্টেম্বরে আমেরিকায় প্রদর্শিত হবে আলভি মামুন পরিচালিত ‘জেলখানার চিঠি’।