বিনোদন প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২২, ০১:৪৬ এএম
এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী পুলক অধিকারী তার নিজের ইউটিউব চ্যানেল ‘Pulak Adhikary’র জন্য ১০০টি মৌলিক গানের প্রজেক্টের কাজ হাতে নিয়েছেন। এরইমধ্যে তার এই চ্যানেলে ‘চল যাই’ ও ‘বাবা’ শিরোনামের দুটি গান প্রকাশিত হয়েছে। পুলকের ভাষ্যমতে দুটি গানের জন্যই বেশ সাড়া পাচ্ছেন তিনি।
এরই মধ্যে গেলো রোববার পুলক তার নিজের চ্যানেলের জন্য আরও একটি নতুন গান করেছেন। গানের শিরোনাম ‘প্রেম ব্যাপারী’। গানের কথা লিখেছেন ও সুর করেছেন পুলক নিজেই। সংগীতায়োজন করেছেন এ প্রজন্মের মেধাবী সুরকার, সংগীত পরিচালক, গায়ক আকাশ মাহমুদ।
এবারই প্রথম আঁখি আলমগীর পুলকের কথা ও সুরে গান গাইলেন। শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে ইউটিউবে প্রকাশ পাবে। গানটিতে আঁখি আলমগীরের সহশিল্পী পুলক অধিকারী। আঁখি আলমগীরকে দিয়ে নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান গাওয়ানো প্রসঙ্গে পুলক বলেন, ‘আমার ছোট্ট এই জীবনে এখন পর্যন্ত আমার দেখা ভীষণ ভালো মনের ও অন্যতম প্রিয় একজন মানুষ শ্রদ্ধেয় আঁখি আপা।
এত প্রাণোচ্ছ্বল মানুষ আমি জীবনে কমই দেখেছি। তিনি আমার কথা ও সুরে গান গেয়েছেন— এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। আমার ভীষণ গর্ব হচ্ছে যে আঁখি আপা আমার কথা ও সুরে গান গেয়েছেন। বলা যেতে পারে, এটাও এক ধরনের অর্জন।’
আঁখি আলমগীর বলেন, ‘পুলক এবং আকাশ দুজনই ভীষণ মেধাবী। আমাকে নিয়ে কাজ করতে পেরে তাদের দুজনের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখেছি, তা আমাকে আবেগাপ্লুত করেছে। পুলক মূলত সুফি ঘরানার গান বেশি করে। এই গানটি যদিও আধুনিক গান, রিদমিক গান; কিন্তু মেলোডির বাইরে নয়। আমি সাধারণত দ্বৈত গান করি না। কিন্তু এই গানটি অতিরিক্ত সুন্দর বলেই গানটি গেয়েছি। আর পুলকের ভয়েজ ডেলিভারি এমন ছিল যে, সিনেমার হিরোদের জন্য গান গাইতে গেলে যেমন এক্সপ্রেশন দিতে হয় শিল্পীকে, ঠিক তেমন। পুলকের কথা ও সুর ভীষণ ভালো লেগেছে। আকাশের সংগীতায়োজন এক কথায় দুর্দান্ত। আমি এ গানটি প্রকাশের অপেক্ষায় আছি।’
আকাশ মাহমুদ বলেন, ‘শ্রদ্ধেয় আঁখি আপা যখন স্টুডিওতে প্রবেশ করলেন, তখন মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। তিনি আমার কাজ পছন্দ করেছেন— এটাই আমার প্রাপ্তি। তার প্রতি পরম শ্রদ্ধা।’
এদিকে আঁখি আলমগীর গতকাল অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইতে ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।