ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ মঞ্চে ‘রাজার চিঠি’র ৩৯তম মঞ্চায়ন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২২, ০১:৩২ এএম

আজ মঞ্চে ‘রাজার চিঠি’র ৩৯তম মঞ্চায়ন

এ সময়ে দর্শকনন্দিত একটি মঞ্চনাটক ‘রাজার চিঠি’। আজ শনিবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির (ঢাকা) স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৩৯তম মঞ্চায়ন হবে। জাগরণী থিয়েটারের আলোচিত ও প্রশংসিত এ নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী আর নির্দেশনা দিচ্ছেন দেবাশীষ ঘোষ।

৩৯তম প্রদর্শনীতে যারা অভিনয় করবেন, তারা হলেন  অনিকেত পাল বাবু, শাহানা জাহান সিদ্দিকা, জুলিয়েট সুপ্রিয়া সরকার, রফিকুল ইসলাম, সজিব ঘোষ, পল্লব সরকার, শ্রেয়া সাহা, বিধান বিশ্বাস, শ্রাবণ সূত্রধর, অনিষা, অপেক্ষা এবং স্মরণ সাহা।

১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওই চিঠি এবং রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এই কাহিনি নিয়েই ‘রাজার চিঠি’ নাটকটি লেখা।

এক সময় যুবক হরিদাস রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন। এ নিয়ে তার পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধব হাসাহাসি করেছিল। কিন্তু দেখা যায়, একদিন রবীন্দ্রনাথ সে চিঠির উত্তর দিয়েছেন। এসময় হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে।

অন্যদিকে হরিদাস বসাকও সাহিত্য-সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন। সময়ের প্রবাহে আসে ১৯৪৭ সাল। এ সময় অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে যায়। কিন্তু যে ঠিকানায় রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখেছেন, সে ঠিকানা হরিদাস বসাক বদল করতে চান না।

নাটকে ১৯৪৭ সালের দেশ বিভাগের চিত্র এবং হরিদাস বসাকের মাতৃভূমি আঁকড়ে থাকতে দেখা যায়। এরপর আসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ভয়াবহতায় হরিদাস বসাকের স্বপ্নভঙ্গ হয়। পুড়িয়ে ফেলা বাড়ি, ঘর-দুয়ারের সামনে দাঁড়িয়ে হরিদাস বসাক সেদিন তার আত্মীয়-স্বজনের খোঁজ নেন না, শুধু শিশুর মতো হাহাকার করেন চিঠিটির জন্য।

এ অবস্থায় পাকিস্তানি আর্মি এসে দাঁড়ায় হরিদাস বসাকের সামনে। তার মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনে আর্মিরা তাকে বেয়নেট দিয়ে মারতে থাকে। কাহিনি এখানেই শেষ হয়েছে; কিন্তু এর বিস্তৃতি বহু দূর পর্যন্ত প্রসারিত। নাটকটি প্রসঙ্গে জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিকে কেন্দ্র করে এই নাটকের গল্প।

এর আগে যতবার নাটকটির মঞ্চায়ন হয়েছে, আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি ৩৯তম মঞ্চায়নেও দর্শক নাটকটি আগ্রহ নিয়ে উপভোগ করতে আসবেন। দর্শকের জন্যই আমরা কষ্ট করে থাকি। তাই দর্শক নাটক দেখতে এলে আমরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই।’

Link copied!