বিনোদন প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২২, ০৪:৩৪ এএম
গানে তার সমসাময়িককালের শিল্পীদের মধ্যে তিনিই অনেকটা নিয়মিত। হোক সেটা নতুন নতুন আধুনিক গানে, নাটকের গানে কিংবা স্টেজ শো’তে। চট্টগ্রামের মেয়ে মৌমিতা বড়ুয়া ‘সেরাকণ্ঠ’খ্যাত গায়িকা এবার বাবার সুরে একটি গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘প্রভু তোমায় ছাড়া কেমন করে থাকি’।
গানটি লিখেছেন সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া এবং সুর করেছেন মৌমিতার বাবা ত্রিদিব বড়ুয়া রানা। সংগীতায়োজন করেছেন শোভন রায়। প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে এরই মধ্যে গানটি প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে মৌমিতা বড়ুয়া বলেন, ‘বাবা যখন গানটি সুর করেন, আমি তখন খুব ছোট। আমার শুধু কান্না পেত, আমি যদিও মানে বুঝতাম না তখন। বোঝার পর থেকে আমি গানটি সব সময় গাইতে চাইতাম প্রবারণার পুণ্য তিথিতে বাবার সুরে এ গানটি গাইতে পেরে অন্যরকম এক আনন্দ আর ভালো লাগায় আবারও চোখ ছলছল করছে। শ্রোতা-দর্শকের ভালো লাগলে আমার খুব শান্তি লাগবে। কারণ এক জীবনে কজন শিল্পীরই-বা বাবার সুরে গান গাইবার সৌভাগ্য হয়! কিন্তু আমার হয়েছে। তাই নিজেকে বেশ গর্বিত মনে হচ্ছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। ঈশ্বর যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
মৌমিতার বাবা ত্রিদিব বড়ুয়া বলেন, ‘গৌতম বুদ্ধের পরিনির্বাণের সময় বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ স্থবির কোনোরকমে মেনে নিতে পারছিলেন না। তার মনের আকুতির কথা সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া তার অসাধারণ লেখনীতে ফুটিয়ে তুলেছেন। ২০০৭ সালে এই গানটি যখন আমার হাতে আসে; আমিও আনন্দ স্থবিরে মনের আকুতি-আবেগ মাথায় রেখে সুর করে ফেলেছিলাম। পরে নিজেই কেঁদে ফেলেছিলাম। আজ আমার বড় মেয়ে মৌমিতার কণ্ঠে গানটি শুনে অশ্রুসিক্ত হয়েছি। খুব আবেগ ও দরদ দিয়ে গেয়েছে সে। আমার মেয়েটির জন্য সবাই আশীর্বাদ করবেন, গানের ভুবনে সে যেন তার প্রত্যাশানুযায়ী স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারে।’
এদিকে মৌমিতা বড়ুয়া এরই মধ্যে একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। নাটকের গানে তার কণ্ঠের বেশ চাহিদা রয়েছে। নিয়মিত স্টেজ শো’তেও পারফর্ম করছেন তিনি। আগামী ১৬ অক্টোবর ঢাকায়, ১৮ অক্টোবর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এবং ২০ অক্টোবর চট্টগ্রামে পারফর্ম করবেন তিনি।