বিনোদন প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২২, ০২:০৫ এএম
চট্টগ্রামের একটি আঞ্চলিক গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী সুবর্ণা আক্তার। গানটির শিরোনাম ‘বাইন দুয়ার’। এটির কথা ও সুর করেছেন আবদুল গফুর হালী। গানটির নতুন সংগীতায়োজন করেছেন এমএ রহমান। এটি মিউজিক্যাল শো ফোক বাজের প্রথম সিজনের প্রথম গান।
আজ কিং থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে জানান প্রোগ্রামটির প্রডিউসার অনিরুদ্ধ শুভ এবং আল মুত্তাকী। গানটি নিয়ে দারুণ আশাবাদী সুবর্ণা আক্তার। তিনি বলেন, গফুর হালীর প্রতিটি গানের কথা-সুর শ্রোতাদের মনে দাগ কাটে।এ গানটিও দারুণ জনপ্রিয়। আমি নতুন করে শ্রোতাদের সামনে আসছি গানটি নিয়ে।
এর সংগীতায়োজনেও শ্রোতারা ভিন্নতা খুঁজে পাবে। সংগীত পরিচালক এমএ রহমানের সংগীত আয়োজনে মোট ৭টি গান থাকছে ফোক বাজে। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের সুফি এবং ফোক গানও থাকছে এ অনুষ্ঠানে। মিউজিক এরেঞ্জমেন্টেও থাকছে নতুনত্ব।