অক্টোবর ১৯, ২০২২, ০১:৫৪ এএম
একুশে পদপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াতের সঙ্গে ধারাবাহিক নাটকে কাজ করে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী নিঝুম রুবিনা। আবুল হায়াত জানান জন্মদিনের পর তিনি বেশ বিরতির পর আবারও কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘ফ্যামিলি ডিসটেন্স’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।
এরই মধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে। নাটকে আবুল হায়াতের মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিঝুম রুবিনা। আবুল হায়াত এরই মধ্যে গেলো রবি ও সোমবার নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে নিঝুম রুবিনা গেলো তিন দিন টানা শুটিংয়ে অংশ নিয়েছেন।
আবুল হায়াত বলেন, ‘এখন তো আসলে নাটকে নিয়মিত কাজ করা হয় না। আবার নাটকে আমাদের মতো সিনিয়র শিল্পীদের কাজ করার সুযোগই কম থাকে। তারপরও কেউ কেউ ভীষণ আগ্রহ নিয়ে আমাদের নাটকের গল্পে চরিত্র সৃষ্টি করে নাটক নির্মাণ করতে চায়। হাসান জাহাঙ্গীরের মধ্যে সেই আগ্রহটা লক্ষ করেছি এবং এই নাটকের গল্প বলা যায় আমার চরিত্রটিকে কেন্দ্র করেই।
যে কারণে আসলে অনেক গরমের মধ্যেও কাজটি বেশ আগ্রহ নিয়ে করছি। এ নাটকে আমার বড় মেয়ের চরিত্রে অভিনয় করছে নিঝুম রুবিনা। হাসান জাহাঙ্গীর বেশ শ্রম দিয়ে যত্ন করে নাটকটি নির্মাণের চেষ্টা করছে। দেখা যাক, নাটকটি প্রচারে এলে হয়তো দর্শকের ভালো লাগবে।’
নিঝুম রুবিনা বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে আমি আবুল হায়াত স্যারের সঙ্গে নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছি। তিনি এ দেশের একজন জীবন্ত কিংবদন্তি অভিনেতা।
তার সান্নিধ্যে কাজ করতে পেরেছি— এটা জীবনের অনেক বড় প্রাপ্তি। তিনি আমাকে শুটিংয়ে মেয়ের মতোই স্নেহ করলেন, কীভাবে ক্যামেরার সামনে অভিনয় করতে হবে, সংলাপ বলতে হবে বেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন। নাটকে আমার চরিত্রের নাম নিঝুম। এবারই প্রথম আমি ধারাবাহিক নাটকে অভিনয় করছি।’
আবুল হায়াত জানান, আগামী ২৫ অক্টোবর আবারো তিনি এই ধারাবাহিকের শূটিং-এ অংশ নিবেন। ধারাবাহিক এ নাটকটি শিগগিরই বৈশাখী টিভিতে প্রচার হবে। তবে নাটকটি কতো পর্বের তা এখনই নিশ্চিত করেননি নির্মাতা হাসান জাহাঙ্গীর।
উল্লেখ্য, নিঝুম রুবিনার মিডিয়াতে অভিষেক একজন মডেল হিসেবে। পরবর্তীতে তিনি বেশ কিছু সিনেমায় এবং নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ভালোবাসলেই ঘর বাধা যায়না’,‘ কিস্তির জ্বালা’,‘ অস্তিত্ব’,‘ ভালোবাস ডটকম’ ইত্যাদি।
