বিনোদন প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৩, ১১:৪৬ এএম
গত বছর জুনে মুক্তি পায় আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। আশফাক নিপুণের নির্মিত সিরিজটি নিয়ে বেশ আলোচনা হয় সে সময়। দর্শকের মনে প্রশ্ন ছিল : আদৌ কি আসতে পারে ‘মহানগর’-এর দ্বিতীয় পর্ব। সব জল্পনার অবসান ঘটিয়ে আসতে চলেছে ‘মহানগর-২’।
ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও নির্মাতা আশফাক নিপুণ বিষয়টি নিশ্চিত করেন আগেই। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আশফাক নিপুণ একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা : ‘মহানগর অন্তিম পর্ব। বানাবেন আশফাক নিপুণ’। এরপর থেকে দর্শকমনে প্রশ্ন : কবে আসবে ‘মহানগর’!
এবার সেই উত্তরও জানালেন নির্মাতা নিজেই। ২০ এপ্রিল ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তেই আসতে চলেছে ‘মহানগর ২’। বুধবার দুপুরে উন্মুক্ত হয় সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’-এর পোস্টার। সে সঙ্গে জানানো হয়, আগামী ২০ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।
এর আগে গেল সপ্তাহে উন্মুক্ত হয়েছিল এর টিজার। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুটি কথা মনে রাখতে বলেন : এক. নামটা হচ্ছে হারুন আর দুই. হারুন এত সহজে হারে না।
২০২১ সালে মুক্তি পাওয়া সিরিজটির প্রথম কিস্তিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক মহলে তুমুল প্রশংসা কুড়ান মোশাররফ করিম।