জাহাঙ্গীর আলম আনসারী
মে ২৭, ২০২৪, ১২:৫০ এএম
অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণে বাড়ছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁঁকি। বাড়ছে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন, জলাবদ্ধতা, পানি বৃদ্ধি এবং মাটির লবণাক্ততা। ঝুঁঁকিগুলোকে শনাক্ত করে তা বন্ধে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ঋণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে চলতি ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) টেকসই ও সবুজ অর্থায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ কমেছে দুই হাজার কোটি টাকার ওপরে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই প্রকল্পে অর্থায়নের পরিমাণ ছিল ৯০ হাজার ৭০৩ কোটি ৬১ লাখ টাকা। আর চলতি বছরের মার্চ শেষে এ প্রকল্পে অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ হাজার ৬৯৬ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসাবে এক্ষেত্রে তিন মাসে অর্থায়ন কমেছে দুই হাজার সাত কোটি শূন্য দুই লাখ টাকা।
এছাড়া, চলতি বছরের মার্চ প্রান্তিকে টেকসই খাতে ব্যাংকগুলো অর্থায়ন করেছে ৮৫ হাজার ৩৩৭ কোটি ৭৬ লাখ টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করেছে তিন হাজার ৩৫৯ কোটি ৯১ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স পলিসি অনুযায়ী, ব্যাংকগুলো সাসটেইনেবল ফিন্যান্সের ১১ ক্যাটেগরিতে মোট ৬৮টি পণ্যের বিপরীতে ঋণ দিতে পারে। এসব পণ্যের অধিকাংশই সবুজ অর্থায়নের অন্তর্ভুক্ত।
টেকসই প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি, সিএমএসএমই, পরিবেশবান্ধব কারখানা, সামাজিকভাবে দায়িত্বশীল প্রকল্পে অর্থায়ন। যদিও চলমান ঋণের ২০ শতাংশ টেকসই প্রকল্পে দেয়ার নির্দেশ আছে বাংলাদেশ ব্যাংকের।
এদিকে পরিবেশবান্ধব প্রকল্পের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি নির্মাণ, পরিবেশবান্ধব ইট উৎপাদন অন্যতম। এ খাতে মোট মেয়াদি ঋণের পাঁচ শতাংশ ঋণ দেয়ার শর্ত রয়েছে।
টেকসই ও সবুজ অর্থায়নে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে কয়েক বছর ধরে বিভিন্ন মানদণ্ডে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) টেকসই বা সাসটেইনেবল রেটিং বা মান প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, পরিবেশবান্ধব তথা সবুজ প্রকল্পে ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের পরিমাণ ছিল সাত হাজার ৪০৫ কোটি টাকা। আর চলতি বছরের মার্চ শেষে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ২৩৯ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে তিন মাসে সবুজ প্রকল্পে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন কমেছে ১৬৫ কোটি শূন্য ৯ লাখ টাকা।
এছাড়া চলতি বছরের মার্চ শেষে সবুজ প্রকল্পে ব্যাংকগুলোর অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৬৭ কোটি ৫৩ লাখ টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ২৭১ কোটি ৭৯ লাখ টাকা।