আমার সংবাদ ডেস্ক
মে ১, ২০২৬, ০৩:১১ পিএম
জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির ফায়ার লাইসেন্স প্রদান প্রক্রিয়ার অবসান ঘটলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন থেকে ঘরে বসেই আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত সকল সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন। ১ মে হতে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন ও পুনর্মূল্যায়নসহ সকল কার্যক্রম অনলাইনে সম্পাদিত হবে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত সকল ধরনের আবেদন গ্রহণের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান এবং পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। অনলাইনে যুক্ত হয়ে এই কার্যক্রমের প্রশংসা করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান এবং বিভিন্ন বিভাগের উপপরিচালক ও সহকারী পরিচালকরা।
উদ্বোধন অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘পার্কি র্যাবিট কর্পোরেশন লিমিটে’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সারাদেশের বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক ও ওয়্যারহাউজ ইন্সপেক্টররা অনলাইনে এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। বক্তারা এই নতুন ব্যবস্থাকে ফায়ার সার্ভিসের আধুনিকায়নের পথে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন এবং এটি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
জেএইচআর