আমার সংবাদ ডেস্ক
মে ৩০, ২০২৬, ০৭:৪৬ পিএম
রাজধানীর ডেমরা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে দুই বছর ছয় মাস বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হাসপাতালের এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শুক্রবার (২৯ মে) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার সামছুল হক খান জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটে। পরে একই রাতে ভুক্তভোগী শিশুটির বাবা ডেমরা থানায় অভিযুক্ত ওয়ার্ডবয় নূর নবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযুক্ত নূর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের মৃত শহীদ শিকদারের ছেলে। তিনি ওই হাসপাতালেই ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শিশুটির মা ২৭ মে রাতে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে কেবিনে অবস্থান করছিল। অবসরে সে হাসপাতালের ওয়েটিং রুমে টেলিভিশন দেখতে যেত। ঘটনার দিন বিকেলে ওয়ার্ডবয় নূর নবী ওয়েটিং রুমে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মী বা নার্স না থাকার সুযোগে শিশুটিকে নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এমন ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এম জি