ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বান্দরবান ও রাঙামাটি সড়কে পাহাড়ি ঢলে ব্রিজঘাট সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০১:৪৮ পিএম

বান্দরবান ও রাঙামাটি সড়কে পাহাড়ি ঢলে ব্রিজঘাট সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা কয়েক দিনের অতিরিক্ত ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

একই সময়ে পাহাড়ি ঢলের প্রচণ্ড তোড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে ভেঙে পড়ে। ফলে এই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে বান্দরবান ও রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পানির চাপ সহ্য করতে না পেরে দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি, মাছের ঘের ও স্থানীয় অবকাঠামো। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু স্থানে সরে যেতে বাধ্য হয়েছে।

অন্যদিকে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে বান্দরবান–রাঙ্গামাটি সড়কের ব্রিজঘাট সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ে। পরে সেতুর একটি বড় অংশ ধসে পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে জরুরি রোগী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দূরপাল্লার যানবাহন বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হলেও অনেক এলাকায় বিকল্প সড়ক না থাকায় ভোগান্তি আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে এই এলাকায় পাহাড়ি ঢলের কারণে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় মানুষের দুর্ভোগ কমছে না। তাঁরা দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সেতু সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, রাতভর বৃষ্টি আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই বাঁধ ভেঙে যায়। সকালে উঠে দেখেন চারদিকে শুধু পানি। ঘরবাড়ি, ফসল-সবই ক্ষতির মুখে পড়েছে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া।

আরেকজন পথচারী বলেন, ব্রিজঘাট সেতু ভেঙে যাওয়ায় রাঙামাটি ও বান্দরবানের মধ্যে চলাচল পুরোপুরি বন্ধ। রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার এবং অপ্রয়োজনে পাহাড়ি ঢলের মধ্যে চলাচল না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জরুরি পুনর্বাসন কার্যক্রম গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে পাহাড়ধস, জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। তাই স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!