রাঙ্গামাটি প্রতিনিধি:
মে ১৮, ২০২৪, ০১:৫৬ পিএম
রাঙ্গামাটির লংগদু উপজেলায় সদর ইউনিয়নের মনপতি বাজারের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে এক ইউপিডিএফ কর্মী ও অপর এক সমর্থক নিহত হয়েছে। এই হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন।
শনিবার সকাল ৯টায় রাঙ্গামাটি লংগদু উপজেলাধীন সদর ইউনিয়নের মনপতি বাজারের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকাল ৯টার দিকে লংগদুর ইউনিয়নের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এর পার্শ্ববর্তী স্থানে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের উপর হামলা চালায়।
এই হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশীদ জানান, আজ সকালে গোলাগুলি খবর পেয়েছি। তবে আহত নিহতের সংখ্যা বলতে পারবো না। ঘটনার পর পরই আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছেন। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।
এদিকে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর জোরদার করা হয়েছে।
এদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা শনিবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জেলার লংগদুতে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিআরইউ