এইচ এম মইনুল ইসলাম, বাগেরহাট
মে ১৩, ২০২৬, ০১:২৭ পিএম
বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে এই ধান সংগ্রহ উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে ধান সংগ্রহ উদ্বোধনী কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ দিলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন।
এ সময় ধান বিক্রি করতে আসা কৃষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে জেলায় ৩৬ টাকা কেজি দরে অর্থাৎ ১ হাজার ৪৪০ টাকা মন দরে ৭ হাজার ৫১৩ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১ হাজার ২১২ মে. টন, মোরেলগঞ্জে ৯৭০ মে. টন, রামপালে ৫৩২ মে. টন, ফকিরহাটে ৯৪৫ মে. টন, মোল্লাহাটে ৯০৮ মে. টন, কচুয়ায় ৮৫৩ মে. টন এবং চিতলমারীতে ১ হাজার ৩৬৩ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি গুদামে ধান বিক্রি করতে হলে ময়েশ্চার সর্বোচ্চ ১৪ শতাংশ হতে হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, এবার আমরা শতভাগ ধান সংগ্রহ করতে চাই। প্রান্তিক কৃষকরা যাতে সরকারি গুদামে সহজে ধান বিক্রি করতে পারেন, সেজন্য আমরা সব ধরনের নির্দেশনা দিয়েছি। আশা করি কৃষকরা ভোগান্তি ছাড়াই ধান বিক্রি করতে পারবেন।
এএন