আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জুন ১৫, ২০২৬, ০৪:০২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার আশুগঞ্জ আলুবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার। আটক ইমন মিয়া উপজেলার রেলগেট এলাকার হাবিব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আলুবাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় সন্দেহজনক আচরণ করায় স্থানীয় জনতা ইমনকে আটক করে। পরে মোবাইল কোর্ট ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ তল্লাশি করলে পকেট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমন মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গতকাল রোববার আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক কলেজছাত্রীকে হেনস্তার অভিযোগেও ইমন মিয়ার নাম আলোচনায় আসে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তবে সেই হেনস্তার অভিযোগের বিষয়ে পৃথক তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচআর