আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জুন ১৫, ২০২৬, ০৯:৫৯ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদক কারবারি ও তাদের সহযোগীদের করা এই হামলায় পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন এবং অন্যান্য পুলিশি সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে বেশির ভাগ সরঞ্জাম উদ্ধারসহ দুই নারীকে আটক করেছে।
সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াপাড়া বাজার এলাকায় যাচ্ছিল। পথে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এ সময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পিছু নেয়। তাদের আটক করার সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা, সাহাদাত এবং তাদের অনুসারীরা এসে পুলিশের কাজে বাধা দেয়।
একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ উঠেছে, হামলাকারীরা জোরপূর্বক পুলিশের একটি ওয়াকিটকি, একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা আরও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী একটি খেলার মাঠে গিয়ে আশ্রয় নেন। মাঠের খেলোয়াড়রা পুলিশকে নিরাপত্তা দিলে হামলাকারীরা পিছু হটে।
খবর পেয়ে আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় অভিযান শুরু করে। অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন ও পুলিশের ব্যবহৃত একটি কটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক বিক্রেতা সাহাদাত এবং আমির হোসেনের স্ত্রীকে আটক করে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে। এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেএইচআর