রাজবাড়ী প্রতিনিধি
জুন ১৯, ২০২৬, ০৫:০০ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানিয়েছেন, হামিদা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে খুলনা নিয়ে গেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। হনুমানটির শারীরিক সুস্থতা নিশ্চিত হওয়ার পর তাকে অবমুক্ত করা হবে। তবে যেসব অঞ্চলে হনুমানের সংখ্যা বেশি, সেই এলাকায় নিয়ে গিয়ে অবমুক্ত করা হবে। সেটা যশোরের অভয়নগর কিংবা খুলনার আশপাশের এলাকায় হতে পারে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার দুপুর ১২টায় পাংশা উপজেলা বন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লোহার খাঁচায় বন্দী করে হনুমানটিকে নিয়ে যায় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।
এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারে চলে আসে অসুস্থ এই হনুমান। এসেই সাধারণ রোগীদের জন্য রাখা সারি সারি বেঞ্চের একটিতে মাথা নিচু করে বসে থাকে সে। তাকে মেডিকেল সেন্টারের স্টাফরা দেখতে এলে হাত দিয়ে শরীরের ক্ষতস্থান দেখায়।
ব্যথা বেশি হওয়ায় হনুমানটি মাথা নিচু করে বেঞ্চে শুয়ে পড়ে। দুই ঘণ্টা পর পাংশা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের দুই ডাক্তার এসে ব্যথানাশক ইনজেকশন দিলে হনুমানটি মেডিকেল সেন্টার থেকে বের হয়ে যায়। তবে বন বিভাগের কর্মকর্তারা তাকে নজরে রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহেরও বেশি সময় আগে পাংশা উপজেলার বাহাদুরপুর বাজার থেকে এক তাল বিক্রেতা ধারালো সোল দিয়ে হনুমানকে আঘাত করে। হনুমানটি আহত হলে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। বন বিভাগ হনুমানটি উদ্ধার করে ক্ষতস্থানে সেলাই দেয়।
এএন