আমার সংবাদ ডেস্ক
জুন ১৯, ২০২৬, ০৫:২৬ পিএম
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও ড্রেজিং করা গেলে তিস্তা অঞ্চলের মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উজানে গজলডোবা থেকে আসা পানির স্রোতের কারণে তিস্তার পাড় ভাঙন তীব্র আকার ধারণ করছে। ফলে একদিকে যেমন নদীভাঙন বাড়ছে, অন্যদিকে অতিরিক্ত পানির চাপে এলাকার মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। এই সমস্যা সমাধানে পরিকল্পিত ড্রেজিং ও বাঁধ নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা এখন সময়ের দাবি। এটি শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রধানমন্ত্রীর নির্দেশনায় টেকনিক্যাল টিম নিয়ে পরিদর্শন করা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে।
এ্যানি বলেন, তিস্তা শুধু লালমনিরহাট, রংপুরের দুঃখ নয়, এটি সারা বাংলাদেশের দুঃখ। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষিভিত্তিক এই অঞ্চলের অর্থনীতি চাঙ্গা হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।
তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রকল্পটি একনেকে আনার প্রক্রিয়া চলছে এবং পদ্মা ব্যারাজের মতো বড় প্রকল্পের আদলে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এম জি