পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
জুন ১৯, ২০২৬, ০৫:১৮ পিএম
স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বগুড়া থেকে মোটরবাইকে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জুয়েল রানা। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তাদের একমাত্র শিশুপুত্র। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মা।
শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন (ঢাকা সিটি বাইপাস সড়কের) চামুড্ডা এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলার শেরপুর থানার বাংড়া গ্রামের বাসিন্দা মো. জুয়েল রানা (৩৬) তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা (৩০) এবং দুই বছর ছয় মাস বয়সী ছেলে সাফোয়ান হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে চট্টগ্রামের কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পথিমধ্যে পূবাইলের চামুড্ডা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই শিশু সাফোয়ান হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বাবা-মাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শিশুর বাবা জুয়েল রানার পিতা মো. নাজিম উদ্দীন। তাদের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাংড়া গ্রামে।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
পূবাইল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএন