মিরাজ আহমেদ, মাগুরা
জুন ১৯, ২০২৬, ০৫:২৮ পিএম
মাগুরা শহরের ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে রোগী ও স্বজনদের নিরাপত্তা জোরদার এবং হাসপাতালের সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও মাগুরা ডায়াবেটিক সমিতির সম্মানিত উপদেষ্টা মো. মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন, মো. আব্দুল কাদের এবং মেহেরুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইদ রেজা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালগুলোতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু হলে রোগী, চিকিৎসক ও কর্মচারীদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি হবে। তিনি মাগুরা ডায়াবেটিক সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, হাসপাতাল একটি স্পর্শকাতর সেবাপ্রতিষ্ঠান। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের বলেন, সরকারি ও বেসরকারি সেবাপ্রতিষ্ঠানে জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। সিসি ক্যামেরা স্থাপনের ফলে হাসপাতালের কার্যক্রম আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগ অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে।
সভাপতির বক্তব্যে সাইদ রেজা বলেন, মাগুরা ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে জেলার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হলো। ভবিষ্যতেও রোগীদের উন্নত ও আধুনিক সেবা প্রদানে সমিতি কাজ করে যাবে।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপি মাগুরার সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ হাসপাতালের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এএন