রনি আকন্দ, কালাই (জয়পুরহাট)
জুলাই ৪, ২০২৬, ০৯:৪৪ পিএম
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সত্যিকারের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জয়পুরহাট-১ আসনের জামায়াতের এমপি ফজলুর রহমান সাঈদ। শনিবার বিকেলে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ডাকা এক গণমিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে দেওয়া বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলার মানুষ বারবার ধোঁকা খেয়েছে। ৪৭ সালে কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনার স্লোগানে জনগণ রায় দিলেও তা বাস্তবায়িত হয়নি। এরপর ২৪ বছরের মাথায় শেখ মুজিবুর রহমানের ডাকে ভাতের ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় এ জাতি জীবন দিয়ে দেশ স্বাধীন করে। কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়েম করেন, যা জাতি প্রত্যাখ্যান করেছিল। তিনি বলেন, বারবার আন্দোলনের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এ দেশের মানুষ বারবার ধোঁকা খেয়েছে।
সাম্প্রতিক গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ৯০-এর স্বৈরাচার এবং ২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন হয়েছে। গত ১৫ বছরে বড় বড় রাজনৈতিক আন্দোলনে সরকারের পতন না হলেও ৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পর জুলাই সনদ বাস্তবায়নের জন্য কমিটিতে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তা তারা ঠিক রাখেনি। এখন তারা অক্ষরে অক্ষরে সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে সুকৌশলে মূল সিদ্ধান্তগুলো বাদ দিয়ে সরকারের পক্ষ থেকে যে জুলাই সনদ ছাপানো হয়েছে, তা সঠিক নয়। তিনি অভিযোগ করেন, তারা সাময়িক সুবিধার জন্য দাবি মেনে নিলেও এখন তা অবাস্তব বলছে। শুরুতেই জাতিকে ধোঁকা দেওয়া এসব ধোঁকাবাজরা জাতির কোনো কল্যাণ করতে পারবে না।
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা ময়দানে আন্দোলন করেছে, সেই জামায়াতে ইসলামী, বিশেষ করে যুবসমাজ ও এনডিপিসহ সবার আজকের দাবি একটাই—জুলাই আন্দোলনের গণরায় বাস্তবায়ন করতে হবে। দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক উল্লেখ করে তিনি বলেন, এদের খুঁজে বের করা সহজ; কারণ ক্ষমতাসীনদের আশ্রয় ছাড়া এসব অপরাধ ও মাদকের ব্যবসা সম্ভব নয়। অবিলম্বে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ রক্ত দিয়েছে কোনো চাঁদাবাজের চোখ দেখার জন্য নয়।
সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, হাজারো ছাত্র-জনতা কোনো ধোঁকাবাজকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয়নি। গণরায় বাস্তবায়ন না করলে এবং অপরাধ বন্ধ না করলে জনগণ আপনাদের মেনে নেবে না। জাতির সঙ্গে আবারও ধোঁকাবাজি করা হলে এ জাতি পুনরায় রাস্তায় নামবে। ১৭ বছরের আন্দোলনে সরকারের পরিবর্তন হয়েছে এবং জাতি কোনো দুর্নীতিবাজ দেখতে চায় না- এ কথা তিনি সংসদেও বারবার বলেছেন বলে উল্লেখ করেন। সময় থাকতে হুঁশিয়ার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে মূল্যায়ন করে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে হবে। যতদিন জনতার আন্দোলনের প্রকৃত রায় বাস্তবায়ন না হবে, ততদিন রাজপথের এই আন্দোলন থেকে সরে না যাওয়ার ঘোষণা দেন তিনি।
জেলা ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাশেদুল আলম সবুজ, জেলা নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ।
এএন