আমার সংবাদ ডেস্ক
জুলাই ৬, ২০২৬, ১২:৫৬ পিএম
গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। জনগণের ভোটে নির্বাচিত সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ এলাকার টেকসই উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, কৃষি সহযোগিতা, কৃষি সেচ এবং কৃষি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে গ্রামীণ কৃষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের উন্নয়নে সহায়তা দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা।
সিরডাপের অবদানের প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত পাঁচ যুগ ধরে সংস্থাটি পল্লী ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সিরডাপের অবদান উল্লেখযোগ্য।
এম জি