চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬, ০৫:০৯ পিএম
কক্সবাজারের চকরিয়ায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ধসের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলা প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অব্যাহত বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছে। ফলে পাহাড়ের চূড়া, ঢাল, পাদদেশ এবং পাহাড়সংলগ্ন বিভিন্ন এলাকায় ধসের ঝুঁকি অনেক বেড়েছে। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের নির্দেশনায় ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্র বা নিরাপদ স্থানে চলে যেতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই পাহাড়ের চূড়া, ঢাল ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ি এলাকার মাটি ধসে পড়ার উপক্রম হওয়ায় তাঁদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে।
স্থানীয় ইউপি সদস্যদের পক্ষ থেকেও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক করা হচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে সবাইকে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জেএইচআর