মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
জুলাই ৬, ২০২৬, ০৮:২৭ পিএম
হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হবিগঞ্জ সুইমিং পুলে ‘সনদপত্র বিতরণ ও সাঁতার প্রশিক্ষণ-২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় হবিগঞ্জ সুইমিং পুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট এবং হবিগঞ্জ সুইমিং ক্লাবের সভাপতি ড. জি. এম. সরফরাজ।
জেলা প্রশাসন ও হবিগঞ্জ সুইমিং ক্লাবের যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে পূর্ববর্তী ব্যাচে সাঁতার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে নতুন ব্যাচের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে সাঁতার শেখার আগ্রহ বৃদ্ধি পাবে। পাশাপাশি পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং দক্ষ সাঁতারু তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুইমিং পুল ক্লাবের সেক্রেটারি ও আলী ইদ্রিস হাইস্কুলের প্রধান শিক্ষক লায়ন মো. লিটন মিয়া।
অনুষ্ঠানে জানা যায়, এই সুইমিং পুলের মাধ্যমে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩৩৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে সাঁতার শিখেছেন।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের।
এ ছাড়া হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্ট পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মীর মো. আব্দুল কাদির এবং দুজন প্রশিক্ষণার্থী। আলোচনা সভা শেষে সফলদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক। এ সময় সনদপত্র গ্রহণ করেন কৃতী প্রশিক্ষণার্থী মীর মো. অনন্ত।
জেএইচআর