আমার সংবাদ ডেস্ক
জুলাই ১১, ২০২৬, ০৩:০২ পিএম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১২ জুলাই) ঢাকায় আসছে। সফর চলাকালে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি এবং বাজেট সহায়তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে সংস্থাটির প্রতিনিধিরা।
আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি আগামী ১৬ জুলাই পর্যন্ত দেশে অবস্থান করবে। এ সময় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকের সূচি রয়েছে।
সফরের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে সরকারের ঘোষিত নবম জাতীয় পে-স্কেল। এই পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের উৎস, এর আর্থিক ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগের আওয়ামী লীগ সরকারের সময় সম্পাদিত ঋণচুক্তির পরিবর্তে নতুন সংস্কারভিত্তিক কর্মসূচি, ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং রাজস্ব ব্যবস্থার সংস্কারকে কেন্দ্র করে আইএমএফের কাছে প্রস্তাবিত নতুন ঋণ প্যাকেজও বৈঠকগুলোর গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে রাজস্বনীতি, জাতীয় বাজেট, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনাসহ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এএন