ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬
ফেসবুক পোস্টে আসিফ নজরুল

স্বাগতম শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৩:১৭ পিএম

স্বাগতম শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন

‘ডিসেম্বরে দেশে ফেরার’ পরিকল্পনার কথা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে শোনার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শেখ হাসিনাকে বিলম্ব না করে অবিলম্বে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ জুলাই) নিজের ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার আগেই ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল। একইভাবে বর্তমান বিএনপি সরকারও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী, তাকে দেশে এনে আইনের আওতায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তাই তিনি প্রশ্ন তুলেছেন, যদি সত্যিই ফেরার ইচ্ছা থাকে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন কী? তার ভাষায়, ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।’

পোস্টে আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ এবং আদালতের সামনে শেখ হাসিনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার রয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় তার অবস্থান কী ছিল, সেটি ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত রাখার কারণ এবং বাংলাদেশকে ভারতের ওপর অতিনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার অভিযোগ সম্পর্কেও জনগণ ও আদালতের কাছে জবাব দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিলেও আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে রাজনৈতিক ও আইনি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাদের অনেকেই এখনও বিভিন্ন মামলায় জড়িত কিংবা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই যদি দেশে ফেরার সিদ্ধান্ত সত্যিই চূড়ান্ত হয়ে থাকে, তাহলে আর সময়ক্ষেপণ না করে ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি।

একই পোস্টে তিনি আরও বলেন, যদি বাস্তবে দেশে ফেরার কোনো পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত করা কিংবা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলা উচিত হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ডিসেম্বরে দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তিনি আত্মসমর্পণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ভারত যাওয়ার পর থেকেই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিভিন্ন সময়ে রাজনৈতিক আলোচনায় এসেছে। তবে এবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো ডিসেম্বর মাসকে সম্ভাব্য প্রত্যাবর্তনের সময় হিসেবে উল্লেখ করায় বিষয়টি নতুন করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এএন

Link copied!