আমার সংবাদ ডেস্ক
জুলাই ২, ২০২৬, ১২:১১ পিএম
দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর) সোনা ও রুপার মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৮৯৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের দাম প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার অলংকারের দাম প্রতি ভরি ৯ হাজার ৬৮১ টাকা, ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট নেওয়া যাবে না। অলংকার বদল বা বিক্রির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
জেএইচআর