আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২, ২০২৬, ১২:১৮ পিএম
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব থেকে বিদায় নেওয়ার মাত্র ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কেঁপে উঠেছে বসনিয়া ও হার্জেগোভিনা। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২৭ মিনিটে দেশটিতে ২ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল স্থানীয় শহর মোস্তারের ৪ কিলোমিটার পূর্বে এবং রাজধানী সারায়েভো থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। মৃদু মাত্রার এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর ঠিক আধা ঘণ্টা আগে ফুটবল মাঠ থেকে আরেকটি বড় দুঃসংবাদ পায় দেশটি। বিশ্বকাপ ফুটবলের আসরে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল বা শেষ আট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পেল মার্কিনরা।
ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটে ফোলারিন বালোগানের গোলে এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। এরপর ম্যাচের ৬৪ মিনিটে গোলদাতা বালোগান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। তবে একজন কম নিয়ে খেললেও ম্যাচের ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে বসনিয়ার বিদায় ঘণ্টা বাজিয়ে দেন মালিক টিলম্যান। এই জয়ের ফলে আগামী মঙ্গলবার ভোরে শেষ ষোলোর বা নকআউটের পরবর্তী ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
জেএইচআর