আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুলাই ২, ২০২৬, ১২:০২ পিএম
ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি মসজিদ রোড এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে তিশা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিশাকে ভবনের নিচে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ থেকেই সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে তিশার পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ায় কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যাওয়া কোনো দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জেএইচআর