আন্তর্জাতিক ডেস্ক
জুন ১৫, ২০২৬, ১২:৩১ এএম
লেবাননের রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরাইলি হামলার সমালোচনা করে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা কোনোভাবেই হওয়া উচিত ছিল না।
মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এমন সময়ে সামরিক পদক্ষেপ চলমান শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
বিবৃতিতে তিনি জানান, যেকোনো হুমকির মুখে ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে যে ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে, সেটি ছিল খুবই ছোট ও তেমন গুরুত্বহীন। ওই ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, তুলনামূলকভাবে সামান্য একটি ঘটনার কারণে একটি বড় ও গুরুত্বপূর্ণ শান্তি উদ্যোগকে ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে যে আলোচনাগুলো চলছে, তা সফল হলে লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথ সুগম হবে।
পরিস্থিতি আরও জটিল না করার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের উচিত লেবাননের অন্য কোনো স্থানে নতুন হামলা না চালানো। একই সঙ্গে হিজবুল্লাহসহ অন্য সব পক্ষকেও ইসরাইলের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ রাখতে হবে।
একটি ঐতিহাসিক সুযোগের কথা উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে সামনে রেখে ট্রাম্প বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যা পুরো প্রক্রিয়াকে ব্যর্থ করে দিতে পারে।
সূত্র: আল-জাজিরা
এম জি