আমার সংবাদ ডেস্ক
জুন ১৫, ২০২৬, ০১:০০ এএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারার আওতায় অর্পিত ক্ষমতা প্রয়োগ করে এবং ব্যাংক-কোম্পানি, আমানতকারী ও জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন।
এর আগে একই দিন ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। পরে বিকেলে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। ওই বৈঠকের প্রায় তিন ঘণ্টা পর পরিচালনা পর্ষদে পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে তারল্য সহায়তা পাওয়ার পর ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, এখন থেকে নিরবচ্ছিন্নভাবে টাকা উত্তোলন করা যাবে। ডিজিটাল ব্যাংকিং ও চেক নগদায়নেও কোনো সমস্যা হবে না।
তিনি জানান, আমানত জমা ও উত্তোলনের হার প্রায় সমান রয়েছে। প্রতিদিন গ্রাহকেরা প্রায় ১২০০ কোটি টাকা জমা করছেন এবং একই পরিমাণ অর্থ উত্তোলন করছেন।
রেমিটেন্স প্রেরণকারীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকেরা। অতিরিক্ত অর্থ উত্তোলনের চাপে শেষ দুই দিনে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ টাকার সংকট দেখা দেয়।
এ পরিস্থিতিতে ১০ হাজার কোটি টাকা তারল্য সহায়তার আবেদন করে ইসলামী ব্যাংক। আবেদন পর্যালোচনার পর রোববার দুপুরে আড়াই হাজার কোটি টাকা ধার হিসেবে সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক।
পরে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ব্যাংকটির গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এম জি