আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৮, ২০২৬, ০২:১২ পিএম
সৌদি আরবের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধি, ধূলিঝড় এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় নতুন আবহাওয়া সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মক্কা ও মদিনা অঞ্চলের কিছু এলাকায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা ও মদিনাসহ আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং নাজরানের কিছু এলাকায় ধুলা ও বালুবাহী ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর ফলে অনেক এলাকায় দৃষ্টিসীমা কমে যাওয়ার পাশাপাশি যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনশীল থাকতে পারে। জাজান, আসির ও আল-বাহা অঞ্চলের কিছু অংশ এবং মক্কার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় প্রবল বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এম জি