আমার সংবাদ ডেস্ক
জুলাই ৯, ২০২৬, ১২:৩৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন নির্ধারণ করেছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করার পর ঋণ খেলাপের অভিযোগ তুলে তার প্রার্থিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন।
আপিলের শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। পরে ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন এবং তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে রুল জারি করেন।
এরপর হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মো. নুরুল আমীন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। একই সঙ্গে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।
পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল প্রকাশ করা হয়নি।
পরে আপিলের শুনানি শেষে ১৬ জুন আপিল বিভাগ মামলাটি নিষ্পত্তি করে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে, হাইকোর্টকে রুলের চূড়ান্ত নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩ ফেব্রুয়ারির আদেশ বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়।
আপিল বিভাগের নির্দেশনার পর রিট আবেদনটি ২১ জুন হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। সেদিন আদালত রুল শুনানির দিন নির্ধারণ করেন। পরবর্তী শুনানি শেষে বৃহস্পতিবার আদালত সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন।
এম জি