আমার সংবাদ ডেস্ক
জুলাই ৯, ২০২৬, ১২:৪০ পিএম
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য নতুন কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান বগুড়া বিমানঘাঁটিতে মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন ধরে জেলা হিসেবে বগুড়া বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। স্থানীয় সংসদ সদস্য হিসেবে সেই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, এলাকার উন্নয়নে কাজ করা কোনো অপরাধ নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণ করাই তাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, নিজ এলাকার উন্নয়নে তার ব্যক্তিগত আগ্রহ রয়েছে। নিজের অর্থায়ন ও জমিতে একাধিক স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছেন বলেও উল্লেখ করেন। তবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অতীতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি বলেও দাবি করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত যেসব নির্বাচনে অংশ নিয়েছেন, কোনোটিতেই পরাজিত হননি। পাশাপাশি তিনি নিজেকে একজন সফল উদ্যোক্তা উল্লেখ করে বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরেই ব্যবসার সঙ্গে যুক্ত।
মোকাতলা উপজেলা গঠন প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই দায়িত্ব গ্রহণের পর বিষয়টি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক তৈরি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, সমালোচনা এড়াতে তার সন্তানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরে দাঁড়াতে বলেছেন এবং সে তা করেছে। কিন্তু এ ধরনের বিষয়গুলো গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায় না বলেও মন্তব্য করেন তিনি।
নিজের সম্পদ নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী হলফনামায় তার সব সম্পদের তথ্য যথাযথভাবে উল্লেখ করা হয়েছে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও রয়েছে। অথচ সেই তথ্য যাচাই না করেই প্রতিমন্ত্রী হওয়ার পর তার সম্পদ আটগুণ বেড়েছে- এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার না করে সম্পূর্ণ বক্তব্য তুলে ধরা উচিত। সমালোচনায় তিনি বিচলিত নন উল্লেখ করে বলেন, জনগণই শেষ পর্যন্ত ভালো-মন্দের বিচার করবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পাঁচটি নির্বাচন আয়োজনের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
এএন