ডিসেম্বর ৭, ২০২২, ১১:১৬ এএম
দীর্ঘ পাঁচ বছর পর আজ বুধবার এক দিনের সফরে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। একইসঙ্গে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। এসময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর কক্সবাজারের রাজপথ।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী-পাটোয়ারটেক সৈকতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়ার উদ্বোধন করবেন তিনি। পরে একই দিন দুপুর আড়াইটায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়ার কথা রয়েছে। তবে সকাল থেকেই লাবণী পয়েন্ট শেখ কামাল স্টেডিয়ামের মাঠে প্রবেশের মূল গেটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা গেছে। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
উল্লেখ্য, আজ কক্সবাজারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ১৯৬৩.৮৬ কোটি টাকার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এআই
