আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২, ২০২৬, ০৫:৩৪ পিএম
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রকে পাঠানো চিঠির এখনও কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দেশে বর্তমানে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং ডিজেল সরবরাহেও কোনো ঘাটতি নেই। পরিকল্পনা অনুযায়ী আমদানি কার্যক্রম চলমান রয়েছে এবং তেলবাহী জাহাজগুলো নির্ধারিত সময়সূচি মেনেই আসছে। তার মতে, অন্তত এপ্রিল মাস পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
এর আগে, গত ৩০ মার্চ মনির হোসেন চৌধুরী জানান, রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতের জন্য নিষেধাজ্ঞা শিথিল করায় বাংলাদেশও একই ধরনের সুবিধা চেয়ে অনুরোধ করেছে। ঈদের আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশ দুই মাসের জন্য প্রায় ছয় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমতি চায়। যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুযায়ী ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে এ আশ্বাস দেন। বৈঠকে ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন নিয়েও আলোচনা হয়।
এদিকে, সরকার জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। তবে জরুরি সেবা, হোটেল, ফার্মেসি ও কাঁচাবাজার এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।
এএন