পলাশ (নরসিংদী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:২৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যেখানে মানুষ ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং দেশের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে পারে। বিএনপি কারো উপর কিছু চাপিয়ে রাজনীতি করে না, বরং দেশের মানুষের কথা শুনে ও তাদের উপদেশ নিয়ে রাজনীতি করে।
শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়নের পন্ডিপাড়া ও তারগাঁত্ত গ্রামে উপজেলা বিএনপির গণসংযোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান আরও বলেন, “যেই গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে, সেই যাত্রা গত এক বছর আগেই শুরু হয়েছে। আগামী বছরের জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হবে।”
তিনি গণতন্ত্রের সংজ্ঞা তুলে ধরে বলেন, “গণতন্ত্র হলো সকল মানুষের অধিকার নিশ্চিত করার একটি সমাজব্যবস্থা। যেখানে সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। শুধুমাত্র একজন মানুষ কথা বলবে বা এক জন কর্তৃত্ব আরোপ করবে, সেটাকে কখনো গণতন্ত্র বলা যাবে না; এটি হবে স্বৈরতন্ত্র।”
জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ