নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:২০ পিএম
দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান। তবে আশার কথা জানিয়ে তিনি বলেছেন, হাদির ভেতরে এখনো ‘সাইন অব লাইফ’ বা জীবনের চিহ্ন বিদ্যমান।
শুক্রবার সন্ধ্যায় হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের আগ মুহূর্তে সাংবাদিকদের একথা জানান তিনি।
ডা. জাহিদ বলেন, "হাদির ভেতরে সাইন অব লাইফ বা জীবনের চিহ্ন এখনো আছে। এটি নিঃশেষ হয়ে যায়নি। অস্ত্রোপচারের সময় তিনি একবার শকে চলে গিয়েছিলেন। কিন্তু তাঁর নিজস্ব শ্বাস-প্রশ্বাসের প্রচেষ্টা ছিল, যা আমাদের আশাবাদী করছে।"
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক অস্ত্রোপচার ও নিবিড় পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে ডা. জাহিদ বলেন, "এটা ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই। বুলেটটি বাম দিকের কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। এতে ব্রেন স্টেম বা মগজের কাণ্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে। মগজের চাপ কমানোর জন্য আমরা বাম দিকের খুলি খুলে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি।"
তিনি আরও বলেন, "বুলেটটি হাদির ব্রেন স্টেম বা মগজের কাণ্ড ক্ষতিগ্রস্ত করে বের হয়ে গেছে। বর্তমানে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে।"
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মোহাম্মদ সায়েদুর রহমান বলেন, "শরিফ ওসমান হাদি এখনো বেঁচে আছেন। তবে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় কোনো ধরনের অস্ত্রোপচার (ইন্টারভেনশন) করা হবে বলে আমরা মনে করছি না। তাঁকে রক্ত দিয়ে এবং রক্তচাপ স্থিতিশীল রাখার চেষ্টা করে এভারকেয়ারে পাঠানো হচ্ছে। সারাদেশের মানুষের কাছে হাদির জন্য দোয়া চাইছি।"
এদিকে, হাদিকে এভারকেয়ারে স্থানান্তরের সময় নাক ও গলা দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছিল, যা ইএনটি সার্জনদের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইএইচ