মো. জাহিদুল ইসলাম
মার্চ ১৪, ২০২৬, ০৩:৩৩ পিএম
দেশের রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর সদ্য সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ। নতুন দলের নাম রাখা হয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে নাঈম আহমাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে একটি বড় ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তাঁর দাবি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ একাধিক ‘ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির’ কার্যত অবসানের ফলে এ শূন্যতা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বর্তমানে এই শূন্যতা আংশিকভাবে কিছু ইসলামপন্থী দল পূরণ করলেও দীর্ঘমেয়াদে শক্তিশালী মূলধারার রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন।
নাঈম আহমাদের ভাষ্য, বিএনপি ও জামায়াতের বাইরে একটি বিকল্প রাজনৈতিক বলয়ের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। সেই জায়গা থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন দলের রাজনৈতিক অবস্থান হবে মধ্যপন্থা থেকে মধ্য-ডানপন্থা। দলের ভাবাদর্শ হিসেবে তিনি উল্লেখ করেন বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা এবং বাংলাদেশি প্রেক্ষাপটে সামাজিক গণতন্ত্র।
নাঈম আহমাদ বলেন, দলের অগ্রাধিকারমূলক ১২ দফা কর্মসূচির মধ্যে রয়েছে—ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা, জুলাই সনদের বাস্তবায়ন, বিদেশি আগ্রাসন থেকে দেশকে নিরাপদ রাখা, পানি, প্রাণ ও প্রকৃতির সুরক্ষা, কর্মসংস্থানমুখী বিনামূল্যে শিক্ষা, সর্বজনীন চিকিৎসাসেবা, ন্যায্য ও পাচারমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, ব্যবসা-বিনিয়োগ ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি, কৃষি ও তথ্যপ্রযুক্তিসহ নতুন শিল্পের উন্নয়ন, পরিবেশবান্ধব পরিকল্পিত নগরায়ণ, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সবার মৌলিক অধিকার নিশ্চিত করা।
তিনি বলেন, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কমিটি ঘোষণার মধ্য দিয়ে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। ততদিন পর্যন্ত তিনি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য জাতীয় সংসদে বিল উত্থাপনের আহ্বান জানান।
নাঈম আহমাদ বলেন, “অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল জাতীয় সংসদে উত্থাপন করতে হবে এবং আইন করে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেডিপির সংগঠক নজরুল ইসলাম, মো. আহছান উল্লাহ, সাদমান আলম, নাকিবুর রহমান, ইমরান হোসেন রাহাত, মুত্তাকী বিন মনির, নূরা জেরিন, নাজমুন নাহার, আবুল বাশার, রাকিব হাসান, আসাদ মৃধা, অ্যাডভোকেট রুবেল ইসলাম খান, শেখ সাদী, মাহতাব হোসেন সাব্বির, ইমরান হোসাইন, জিহাদ আরাফাত ও এরশাদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এএন