ধর্ম ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫, ০৬:৩৯ পিএম
মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি। তাঁকে ভয় করা, তাঁর নির্দেশ মান্য করা এবং তাঁর প্রেরিত নবী-রাসুলদের সম্মান করা মানুষের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ইসলামের মৌলিক বিশ্বাস হলো, আল্লাহকে অস্বীকার করা কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করা শুধু পাপ নয়, বরং তা ঈমান বিনষ্টকারী অপরাধ। আবার অপরদিকে, যে বান্দা আল্লাহকে ভয় করে, তাঁর স্মরণে থাকে, নবী (সা.)-কে সম্মান ও ভালোবাসা করে, আল্লাহ তার দুনিয়া-আখেরাত উভয় জগতকেই কল্যাণময় করে তোলেন। এই দুই শ্রেণির মানুষের পরিণতি কুরআন ও হাদিসে অত্যন্ত স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে।
আল্লাহকে ভয় না করা বা তাঁর নির্দেশ অমান্য করার শাস্তি
আল্লাহভীতি মানবজীবনের অন্তর্নিহিত নৈতিক শক্তি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, তার অন্তর থেকে ন্যায়বোধ, সততা ও নৈতিকতা দূরে সরে যায়। কুরআনে এসেছে, "যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে।" (সূরা ত্বাহা: ১২৪) এই সংকীর্ণ জীবনের ব্যাখ্যায় আলেমরা বলেন, হৃদয়ে অশান্তি, দুশ্চিন্তা ও ভয়, জীবনে বরকত কমে যাওয়া, পাপের প্রতি প্রবণতা, দুনিয়াতে অপমান ও আখেরাতে শাস্তি এগুলো আল্লাহর স্মরণহীন জীবনের লক্ষণ।
দুনিয়াতে শাস্তি প্রসঙ্গে কুরআনে উল্লেখ আছে, যারা আল্লাহর বিধান অমান্য করেছে, তাদের উপর কঠোর শাস্তি এসেছে, সামাজিক অস্থিরতা নেমে এসেছে, নেতৃত্বে দুর্নীতি সৃষ্টি হয়েছে এবং পরিবার ও সমাজে অশান্তি দেখা দিয়েছে, কারণ আল্লাহকে ভয় না করলে মানুষ সীমালঙ্ঘন করে।
নবী মুহাম্মদ (সা.)-কে অসম্মান করার ভয়াবহতা
ইসলামে নবী-রাসুলগণকে সম্মান করা ঈমানের অংশ। নবী (সা.)-কে অবমাননা করা এমন গুরুতর অপরাধ যে কুরআনে বলা হয়েছে, "তোমরা নবীর কণ্ঠের সামনে তোমাদের কণ্ঠ উঁচু করবে না, যে তা করবে, তার আমল নষ্ট হয়ে যাবে অথচ সে টেরও পাবে না।" (সূরা হুজরাত: ২) এই আয়াতে শিক্ষা হলো: শুধু অসম্মান নয়, উচ্চস্বরে কথা বলাও, আচরণে শিষ্টাচার না দেখানোটাও নবীর প্রতি অশ্রদ্ধা হিসেবে গণ্য হয়। হাদিসে বলা হয়েছে, "যে ব্যক্তি নবীকে কষ্ট দেয়, সে আল্লাহকেই কষ্ট দেয়।" (তিরমিজি) অতএব, নবীকে অসম্মান করা মানে সরাসরি আল্লাহকে অসম্মান করা, যা আখেরাতের সবচেয়ে কঠিন শাস্তি ডেকে আনে।
আখেরাতে শাস্তি সম্পর্কে কুরআন বলছে, "যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে অভিশাপ এবং লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে।" (সূরা আহযাব: ৫৭) এই আয়াতে তিনটি শাস্তি, আল্লাহর লানত, দুনিয়াতে অপমান, আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি, ইসলামের ইতিহাসেও দেখা যায় যারা নবীকে অবমাননা করত, তারা দুনিয়াতে অপমানিত, পরাজিত বা ধ্বংস হয়েছে, আখেরাতে তাদের চরম পরিণতির কথা কুরআন-হাদিসে বারবার এসেছে।
আল্লাহর প্রতি ভালোবাসা ও নবীপ্রেমের মর্যাদা
যে ব্যক্তি আল্লাহকে ভয় করল, তাঁর স্মরণে রইল, এবং নবী মুহাম্মদ (সা.)-কে হৃদয় দিয়ে ভালোবাসল, আল্লাহ তাকে বিশেষ মর্যাদা, বরকত ও শান্তি দান করেন। আল্লাহ বলেন, "নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের (আওলিয়ার) জন্য কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না।" (সূরা ইউনুস: ৬২)
আওলিয়া আল্লাহ কারা, যারা আল্লাহকে ভয় করে, তাঁর বিধান মেনে চলে, নবীর সুন্নাহ অনুসরণ করে। রাসুল (সা.) বলেছেন, "তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার প্রাণ, সন্তান ও সকল সম্পর্কের চেয়ে অধিক প্রিয় হই।" (সহিহ বুখারি) অতএব, নবীপ্রেম মানে পূর্ণ ঈমান।
আল্লাহর স্মরণকারী ও সুন্নাহ অনুসারীর দুনিয়াবি ফজিলত
কুরআনে আল্লাহ বলেন, "যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করেন এবং অনাকাঙ্ক্ষিত পথ থেকে রিজিক দেন।" (সূরা ত্বালাক: ২-৩) এই আয়াত জানায়, তার কাজে বরকত আসে, সমস্যা দূর হয়, বিপদে আল্লাহ সহায় হন, জীবনে প্রশান্তি ও আলো আসে। আল্লাহর স্মরণকারী মানুষের বিশেষ মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, "আল্লাহ যাদের স্মরণ করেন, ফেরেশতারা তাদের ঘিরে রাখে, রহমত নাজিল হয় এবং হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে।"
আখেরাতে আল্লাহভীরু ও নবীপ্রেমীদের জন্য বিশেষ পুরস্কার
এক. জান্নাতের সুসংবাদ: কুরআন, "যারা বলে ‘আমাদের প্রভু আল্লাহ’ এবং এরপর সৎপথে দৃঢ় থাকে, ফেরেশতারা তাদের কাছে নেমে বলে: ভয় করো না, দুঃখ করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।" (সূরা ফুসসিলাত: ৩০)
দুই. নবীর সুপারিশ (শাফায়াত): হাদিস, "আমার সুপারিশ তাদের জন্য, যারা আন্তরিকভাবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলেছে।" (তিরমিজি) যারা নবীকে ভালোবাসে, তাঁর পথ অনুসরণ করে, তারা কিয়ামতের দিন তাঁর শাফায়াত পাওয়ার সর্বোচ্চ যোগ্য।
তিন. মহান আল্লাহর সাক্ষাৎ: কুরআন, "যারা সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং আরও বেশি কিছু।" (সূরা ইউনুস: ২৬) বড় আলেমরা বলেন, আরও বেশি কিছু, বলে বোঝানো হয়েছে আল্লাহর সাক্ষাৎ, যা জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত।
চার. মহাসুন্দর জান্নাত: আল্লাহ ঘোষণা করেছেন, "আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাব, যার নিচে নদী প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে।"
আল্লাহর বিধান মান্যকারী মানুষের অন্তর্গত শান্তি
আল্লাহ বলেন, "নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান্তি লাভ করে।" (সূরা রাদ: ২৮) যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, নবীর সুন্নাহ মেনে চলে, হারাম থেকে বাঁচে, দয়া, ন্যায় ও সত্যের পথে থাকে, তাদের হৃদয়ে থাকে বিশেষ নূর, যা পাপীদের জীবনে অনুপস্থিত।
ইসলাম স্পষ্টভাবে বলে, যারা আল্লাহকে ভয় করে না, তাঁর হুকুম অমান্য করে এবং নবী (সা.)-কে অবমাননা করে: তাদের জীবনে অশান্তি, দুনিয়াতে অবমাননা, আখেরাতে আল্লাহর গজব, লানত ও কঠিন শাস্তি, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। আর যারা আল্লাহকে স্মরণ করে, হুকুম মানে, এবং নবী মুহাম্মদ (সা.)-কে সম্মান, ভালোবাসা ও অনুসরণ করে: দুনিয়াতে বরকত, প্রশান্তি, নিরাপত্তা, সমস্যায় উত্তম পথ, ফেরেশতাদের রহমত, কিয়ামতে নবীর শাফায়াত, এবং পরিণতিতে জান্নাতের অনন্ত সুখ।
মানুষের জীবনের সফলতা নির্ভর করে, আল্লাহভীতি, নবীপ্রেম ও সৎপথে দৃঢ় থাকার উপর।
ইএইচ