আমার সংবাদ ডেস্ক
জুন ১, ২০২৬, ১১:৫৫ পিএম
মুক্তিযুদ্ধ ও তোফায়েল আহমেদ আওয়ামী লীগের একার সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি বলেন, তোফায়েল আহমেদকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে কি না, সেটিই সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয় হয়ে উঠতে পারে।
সোমবার (১ জুন) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ইমি উল্লেখ করেন, বিএনপি সরকারের সময় তিনি বিনা কারণে ৬০ দিন কারাভোগ করেছেন। সেই সময়ে জীবনের মূল্যবান সময় হারানোর পাশাপাশি পরিবারের একজন সদস্যের শেষ দেখাও দেখতে পারেননি। এরপরও তিনি কোনো রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করেননি বলে জানান।
তিনি লেখেন, একজন নাগরিক হিসেবে তিনি সবসময় সরকারের প্রতি প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। তবে কারিনা কায়সারের মরদেহ শহীদ মিনারে নেওয়ার নজিরের পর তোফায়েল আহমেদকে সেখানে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে কি না, সেটিই সরকারের অবস্থান মূল্যায়নের একটি মানদণ্ড হবে।
ইমি আরও বলেন, মুক্তিযুদ্ধ কোনো একক রাজনৈতিক দলের সম্পত্তি নয়। একইভাবে তোফায়েল আহমেদও কোনো একটি দলের একক সম্পদ নন। ‘জয় বাংলা’ স্লোগানও সর্বজনীন ঐতিহ্যের অংশ বলে তিনি মন্তব্য করেন।
তার ভাষায়, কোন বিষয় দলীয় আর কোনটি জাতীয় ও সর্বজনীন-সেই পার্থক্য নিরপেক্ষভাবে বিবেচনা করার রাজনৈতিক সততা সরকারের থাকা প্রয়োজন। অন্যথায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
এম জি