ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ডের অলিখিত ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ২৩, ২০২৬, ১০:৩৯ এএম

বাংলাদেশ-নিউজিল্যান্ডের অলিখিত ফাইনাল আজ

দুই বছর পর চট্টগ্রামে ফিরেছে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট, আর সেই প্রত্যাবর্তনেই জমে উঠেছে বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় থাকায় আজকের তৃতীয় ওয়ানডেটি রূপ নিয়েছে ‘অলিখিত ফাইনাল’-এ।

মিরপুরে প্রথম ম্যাচে ২৬ রানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটের জয়ে সমতা ফেরায় টাইগাররা। ফলে সিরিজ নির্ধারণের ভার এখন চট্টগ্রামের এই ম্যাচের ওপরই।

অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষেও এমন অলিখিত ফাইনালে জয় পেয়েছিল দলটি।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন নাহিদ রানা। তার গতি ও সুইংয়ে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। ১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিমের ৭৯ ও নাজমুল হোসেন শান্তর ৫০ রানে ভর করে সহজ জয় পায় স্বাগতিকরা।

তবে ধীরগতির বোলিংয়ের কারণে জরিমানার মুখেও পড়তে হয়েছে বাংলাদেশকে। নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বল করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে দলকে।

দলের পেস আক্রমণ নিয়েও রয়েছে আলোচনা। প্রথম ম্যাচের আগে চোট পাওয়া মুস্তাফিজুর রহমান শেষ ম্যাচে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। পেস বোলিং কোচ শন টেইট জানিয়েছেন, তিনি কিছুটা বোলিং করেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল টিমের ওপর নির্ভর করছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের জন্য সুখস্মৃতির ভেন্যু। এখানে ৩১ ওয়ানডেতে ১৯টি জয় রয়েছে টাইগারদের। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে একমাত্র ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।

সব মিলিয়ে পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস, সবকিছু মিলিয়ে আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ জয়ের মহারণ। এখন দেখার পালা, চট্টগ্রামের এই ‘অলিখিত ফাইনাল’-এ শেষ হাসি হাসে কে।

এএন

Link copied!