নিজস্ব প্রতিবেদক:
মার্চ ১১, ২০২৪, ০৫:১৪ পিএম
পরিবেশবান্ধব ভবন নির্মাণ, নির্মাণশিল্পে দক্ষ জনবল তৈরি, পরিবেশবান্ধব নির্মাণসমাগ্রী ব্যবহার উৎসাহিতকরণসহ নয় দফা সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতির মাধ্যমে শেষ হলো বিল্ডিং এন্ড গ্লোবাল ফোরাম-২০২৪ এর মন্ত্রী পর্যায়ের বৈঠক।
বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ফ্রান্সের প্যারিসে বিল্ডিং এন্ড গ্লোবাল ফোরাম-২০২৪ এর বৈঠকে বিশ্বের ৭৭টি দেশের ১৪০০ প্রতিনিধি উপস্থিতিতে ফ্রান্স সরকার ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বাংলাদেশ কম কার্বন নিঃসরণকারী দেশ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে। দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগঝুঁকি হ্রাসে বাংলাদেশ যথেষ্ট সফল। তিনি পরিবেশ সুরক্ষা ও দুর্যোগঝুঁকি হ্রাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ বর্ণনা করেন।
বৈঠকে কপ২৮ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ বিশেষ করে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখা, টেকসই ভবন নির্মাণ ও সংস্কারে অপর্যাপ্ত পদক্ষেপ ইত্যাদি বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন। তারা নির্মাণ শিল্পে প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং পরিবেশ ও জীববৈচিত্র্যে এর ক্ষতিকর প্রভাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে নয় দফা সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি গৃহীত হয়। কার্বন নিঃসরণ বিহীন ভবন ও জ্বালানি ব্যবহার নীতি প্রণয়ন, প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা ও আইনি কাঠামো প্রস্তুতকরণ, সাশ্রয়ী, কার্বন নিরপেক্ষ ও টেকসই স্থাপনা নির্মাণে আর্থিক প্রণোদনা নীতি প্রণয়ন, ব্যয়সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী ও নিম্ন কার্বন নিঃসারী নির্মাণসামগ্রী উৎপাদন, উন্নয়ন ও ব্যবহার উৎসাহিতকরণ এবং সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ ও পারস্পরিক আদান প্রদানের প্রতিশ্রুতি সিদ্ধান্তসমুহের মধ্যে অন্যতম।
সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে জি-৭, জি-২০, জি-৭৭সহ বিভিন্ন আন্তর্জাতিক ও পরিবেশবাদী সংগঠনের সহযোগিতা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনার উদ্দেশ্যে গ্লোবাল অ্যালায়েন্স ফর বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন (গ্লোবাল এবিসি) এর নিয়ন্ত্রণে একটি আন্তঃরাষ্ট্রীয় কাউন্সিল গঠনের প্রস্তাব গৃহীত হয়। মূলত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় “প্যারিস চুক্তি” বাস্তবায়নে এই সম্মেলন একটি কার্যকর ও বাস্তব ভিত্তিক পদক্ষেপ।
বিআরইউ