আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬, ০৯:১১ পিএম
রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা সংলগ্ন শহীদ শাহ নেওয়াজ হলের সামনের রাস্তায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪২ বছর।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা জনতাকে ভয় দেখাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক পরা ছিল।
গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজন শিক্ষার্থী ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে এবং ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
জেএইচআর